|
Date: 2025-09-12 18:18:47 |
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন
রাজবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানকে সঙ্গে নিয়ে গোয়ালন্দ উপজেলার চারটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকৃত মণ্ডপগুলো হলো—গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন মন্দির, বিজয়বাবু পাড়া মঠ মন্দির, গোয়ালন্দ বালক সমিতি মন্দির এবং দৌলতদিয়া বাজারের শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির।
এ সময় জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সুলতানা আক্তার বলেন, “ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাই যেন আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা তৎপর থাকবে।”
জেলা প্রশাসক আরও আহ্বান জানান—সকলের ঐকান্তিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা যেন হয়ে ওঠে নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়।
© Deshchitro 2024