রাজবাড়ীর কালুখালীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজবাড়ীর কালুখালী উপজেলায় র‌্যাব-১০ এর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ সত্তর হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) এবং একই উপজেলার দিঘীরপাড়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)। র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেরপুর থেকে আসা মাইক্রোবাসটিকে থামানো হয়। পরে তল্লাশিতে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহ করে আসছিল। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে কালুখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। মাদক নির্মূলে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024