|
Date: 2025-10-14 01:21:07 |
নড়াইলের বড়দিয়ায় চলছে লক্ষ্মী পূজা উপলক্ষে ১০ দিনের ঐতিহ্যবাহী মেলা। প্রাণের এই মেলা এখন শেষের পথে—বাকি মাত্র তিন দিন। প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়, বিক্রেতা ও ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।
দশ দিনের এই মেলাকে ঘিরে আশপাশের এলাকা—পুরুলিয়া, কামারবিলা, চাচই, কলাবাড়ি ও লোহাগড়াসহ বিভিন্ন গ্রামের মানুষ আসছেন পরিবার-পরিজন নিয়ে ঘুরতে ও কেনাকাটা করতে।
মেলায় রয়েছে খেলনা, পোশাক, গৃহস্থালির সামগ্রী, মিষ্টান্ন, মাটির তৈরি পণ্যসহ নানা পসরা। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ঘূর্ণি চাকা ও সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ব্যবসায়ী সদর আলী শেখ বলেন, “এবার মেলা বেশ ভালো যাচ্ছে। প্রতিদিনই ক্রেতার ভিড় বাড়ছে, শেষ তিন দিনে বিক্রিও আরও বাড়বে।”
মেলায় ঘুরতে আসা স্থানীয় তরুণী তানিয়া আক্তার বলেন, “প্রতি বছর পরিবার নিয়ে আসি। বড়দিয়ার মেলা আমাদের গ্রামের আনন্দের উৎসব।”
আয়োজক কমিটির কাছ থেকে জানা যায়, “১০ দিনের এই মেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ। নিরাপত্তার জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে।”
উল্লেখ্য, মেলা আগামী শুক্রবার শেষ হবে।
© Deshchitro 2024