দৈনিক দেশচিত্র পত্রিকার যশোর প্রতিনিধি সাংবাদিক মেহেদি হাসান রিপন স্ট্রোক করে  গুরুতর অসুস্থ অবস্থায় দিন পার করছেন।তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে দীর্ঘ ৬ দিন চিকিৎসার পর বাড়িতে ফিরলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি নিজ বাসভবনে শয্যাশায়ী অবস্থায় আছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হঠাৎ করেই স্ট্রোকে আক্রান্ত হন মেহেদি হাসান রিপন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে টানা ৬ দিন নিবিড় চিকিৎসা চলে। হাসপাতালের চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হলেও তার শারীরিক জটিলতা কাটেনি। বরং তার বর্তমান অবস্থা নিয়ে পরিবার ও স্বজনরা গভীর শঙ্কার মধ্যে রয়েছেন।

মেহেদি হাসান রিপন তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যশোরের মানুষের কাছে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। কর্মচঞ্চল এই মানুষটি এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকায় তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া।সাংবাদিক মেহেদি হাসান রিপনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, এখন মহান আল্লাহর অশেষ রহমতই একমাত্র ভরসা। এই কঠিন মুহূর্তে তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে সকল সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং দেশবাসীর কাছে খাস দিলে দোয়ার আরজি জানানো হয়েছে।আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি আবারও সুস্থ শরীরে তার প্রিয় পেশায় ফিরে আসতে পারেন—এটাই এখন সকলের প্রার্থনা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024