|
Date: 2025-12-15 19:09:34 |
জামালপুর-২ ইসলামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁর নাম অর্ণব ওয়ারেস খান।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিনি ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা ইউএনও মো. নাজমুল হুসাইন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, অর্ণব ওয়ারেস খানের বাবার নাম খায়রুল আহসান খান এবং মাতার নাম নাসরিন বানু। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগরের ৩২ চামেলীবাগের ৪০৩ নম্বর ফ্লাটের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্ণব ওয়ারেস খানের পৈত্রিক বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের কুলকান্দী গ্রামে। বাল্যকাল থেকেি রাজধানী ঢাকায় বসবাস করার কারণে এলাকায় তিনি খুব একটা পরিচিত নন।
মনোনয়নপত্র সংগ্রহকারী অর্ণব ওয়ারেস খান আজকের পত্রিকাকে বলেন, '৭১ হারবে না, ২৪-এর গণআকাঙ্ক্ষা ধারণ করে ৭১ আবার গর্জে উঠবে' এই স্লোগানকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। যথা সময়ে মনোনয়নপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করব। আমাদের বিজয় হবেই।'
সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকা ইউএনও মো. নাজমুল হুসাইন বলেন, 'অর্ণব ওয়ারেস খান নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দিতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে।'
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী বলেন, 'এখন পর্যন্ত একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি। নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। এসময় মনোনয়নপত্র সংগ্রহসহ নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।'
© Deshchitro 2024