নির্বাচন সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 


রোববার (০৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি আগাম এ তথ্য জানান।


তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সে পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন। 


তিনি বলেন, এখন থেকে সারাদেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরইমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত।


নির্বাচন কমিশনার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র আজই জারি হওয়ার কথা রয়েছে। এ অভিযানের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে:

১. অবৈধ অস্ত্র উদ্ধার: নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধ এবং সেগুলো উদ্ধার করা।

২. সন্ত্রাসী গ্রেফতার: চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা।

৩. আচরণবিধি বাস্তবায়ন: নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের বড় ধরণের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলো যৌথবাহিনী কঠোরভাবে তদারকি করবে। দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি।


রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। 


উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে আইনশৃঙ্খলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে নির্বাচন কমিশন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024