|
Date: 2026-02-01 11:43:41 |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম দাঁড়িপাল্লা ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর সরকার ধানের শীষ প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।
এদিকে জাপা মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন বিপাকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় ধরে এ আসনটি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে থাকলেও এবার জাতীয় পার্টির অবস্থান আগের মতো আর নেই।
অন্যদিকে নিষিদ্ধ ঘোষণা হওয়ায় এবারের নির্বাচনে আওয়ামী লীগ মাঠে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার সমীকরণে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় এবারের নির্বাচনে সব মিলিয়ে ৯ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করলেও নির্বাচনের সামনের সারিতে রয়েছে জামায়াত ও বিএনপি।
বিএনপি’র অবস্থান তুলনামূলক ভালো হলেও দলের বহিষ্কৃত দাপটশালী নেতা রিয়াদ আরফান সরকার ওরফে রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। ফলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে বিভাজনের রাজনীতি। দলের অধিকাংশ ধানের শীষের পক্ষে থাকলেও অন্য অংশ ফুটবল প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
এতে বিএনপি’র মূলধারার প্রার্থী বিপাকে পড়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।এদিকে জামায়াতে ইসলামী ও ১০ দল সমর্থিত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম স্বস্তিতে সংগঠনের দুই উপজেলার সকল নেতাকর্মী সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিনিয়ত ভোটারদের বাড়ি বাড়ি ও হাট-বাজারে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
© Deshchitro 2024