|
Date: 2026-02-09 09:57:57 |
যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কে মাদকবিরোধী এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ওষুধ ট্যাপেন্টাডলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার রাতে গোয়ালদাহ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোর জেলা কার্যালয়ের একটি টিম রোববার রাত ৮টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে অবস্থান নেয়। গোয়ালদাহ বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় তারা। এসময় দুই যুবকের কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর-ভি (Apache RTR 160 4V) মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. সাব্বির হোসেন (২৮), মো. আমিনুর রহমান (২৬)।তারা দুজনই যশোর শহরের বাহাদুরপুর মোহাম্মদিয়া হাউজিং এলাকার বাসিন্দা।এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিএনসি সূত্র। ট্যাপেন্টাডল মূলত তীব্র ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও ইদানীং তরুণ প্রজন্মের কাছে এটি মরণঘাতী নেশার বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। সরকার এটিকে 'ক' শ্রেণির মাদক হিসেবে তালিকাভুক্ত করায় এর অবৈধ মজুত ও বিপণন দণ্ডনীয় অপরাধ।
© Deshchitro 2024