তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো যশোর-৩ (সদর) আসনের নির্বাচনী লড়াই। ১৯০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।ঘোষিত ফলাফল অনুযায়ী, অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১,৭৩,০২৩টি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কাদের পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট।

নির্বাচনী ময়দানে কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত মাত্র ৭,৮৯৪ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন বিএনপি প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রার্থীর মধ্যেই সমানে সমান লড়াই হয়েছে, যা যশোর সদরের নির্বাচনী ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের তকমা পেয়েছে।ফল ঘোষণার পর অনিন্দ্য ইসলাম অমিতের কর্মী-সমর্থকদের মাঝে উল্লাস দেখা গেছে। 

অন্যদিকে, ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত জামায়াত প্রার্থী আব্দুল কাদেরের অনুসারীরাও কেন্দ্রে কেন্দ্রে শক্ত অবস্থান ধরে রেখেছিলেন। ভোটের ব্যবধান কম হওয়ায় দুই দলের সাংগঠনিক শক্তির প্রখরতা এই নির্বাচনে স্পষ্ট ফুটে উঠেছে।শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করার পর এখন চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024