|
Date: 2026-04-20 19:13:29 |
মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ জানান, নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী-অস্থায়ী টিকাকেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যকর্মীরা মাঠে তৎপর রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, "প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। সরকারের এই বিশেষ ক্যাম্পেইনের তৃতীয় ধাপে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি।"
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। টিকাদান কর্মসূচি সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।
© Deshchitro 2024