সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে নতুন বন্ধুত্ব গড়ে ওঠে এবং শৃঙ্খলার চর্চা হয়। জীবনে সফল হতে হলে শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় তালুকদার, বেনু মজুমদার, ফয়সল মিয়া, সনি, থানার এএসআই আশরাফ উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, ইমরানুল হাসানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম দিনে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ৮টি বালিকা দল অংশগ্রহণ করে। আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বালক দলের খেলা শেষে একই দিনে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024