|
Date: 2026-04-26 17:09:55 |
গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেকু বিকল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) বিকল করে দেওয়া হয় এবং এর ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, “পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও তীররক্ষা ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং ব্যবহৃত ভেকুটি বিকল করে দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী তীরবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
© Deshchitro 2024