জামালপুরের ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ নেতা-কর্মীরা সমাবেশ কর্মসূচি পালন করেছেন। 


শনিবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তাঁর ফেসবুক আইডি থেকে ওই সমাবেশের ভিডিও পোষ্ট করেন।


গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও ঝগড়ারচর বাজারে ওষুধ ব্যবসায়ী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ফেসবুকে ওই ভিডিওটি পোষ্ট করে ক্যাপশনে লিখেন, 'চিনাডুলী ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্লোগান ধরে সভা-সমাবেশ করেছেন। গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ।'


১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি চর এলাকায় অর্ধশত লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আওয়ামী লীগের নানা স্লোগান দিচ্ছেন। দুই যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। 

ওই ভিডিওতে 'রাজপথ ছাড়ি নাই; শেখ হাসিনার ভয় নাই', 'শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম', 'টুঙ্গীপাড়ার শেখ মুজিব; লও লও লও সালাম' 'শেখ হাসিনা আসবে' ইত্যোকার নানা স্লোগান দিতে শোনা যায় অংশকারীদের।


গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'দুই দিন আগে চিনাডুলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল এবং ইউনিয়ন যুবলীগ কর্মী জিকরুল ইসলামের নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়েছে।'


এনিয়ে গেল রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, 'বিষয়টি আমার নলেজে নাই। এনিয়ে আমাকে কেউ কিছু বলেও নাই। এ ছাড়া ওই ভিডিওটি আমি দেখিনি। এখন যেহেতু জানলাম। সেহেতু বিষয়টি গুরুত্ব সঙ্গে খতিয়ে দেখব।'


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024