|
Date: 2026-06-08 15:39:11 |
“প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন সোমবার সকালে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা বিআরডিবি চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে প্রজেক্ট এ্যাডভাইজরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসআইএল এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআইএল এর ফিল্ড সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ ও চিন্তাহরণ হাজং। প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান তার বক্তব্যে বলেন, আমাদের প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের পরিবেশকে সুন্দরভাবে সাজাতে হবে। তার জন্য আমাদের সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মোতাবেক রাস্তার পাশে, বাড়ির আঙিনায় বেশি করে ফলজ গাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। অনুষ্ঠানে কোচ, হাজং, গারো ও বর্মণ জনগোষ্ঠীর উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ১০০ জন উপকারভোগীর মধ্যে ৪টি করে মোট ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল মেহগনি, জলপাই, আম ও নিম গাছের চারা।
© Deshchitro 2024