গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
“আমি
কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই
প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫
উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় গোয়ালন্দ শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার
দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ
ফারুক হোসাইন, ও উদ্ভব কুমার সাহা।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন,
“কন্যাশিশু
শুধু পরিবারের নয়, সমাজ ও দেশেরও অমূল্য সম্পদ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও
অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের
নেতৃত্ব দেবে— তাই তাদের প্রতি বৈষম্য না করে সুযোগ-সুবিধা দিয়ে এগিয়ে
যেতে সাহায্য করতে হবে। সরকার কন্যাশিশুদের উন্নয়নে নানামুখী উদ্যোগ
নিয়েছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।”
আলোচনা
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার,
বিদ্যালয় ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। তারা আরও বলেন, সচেতনতা
বৃদ্ধি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুললেই নারী ও কন্যাশিশুদের অগ্রগতি
সম্ভব।
সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কন্যাশিশুদের অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে কবিতা ও বক্তব্য উপস্থাপন করে।