জামালপুরের ইসলামপুর থানা-পুলিশে বদলির হিড়িক চলছে। বদলির তালিকায় রয়েছে কনস্টবল থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যন্ত। একের পর এক বদলিতে জনবল সংকটে খুঁড়িয়ে চলছে পুলিশী কার্যক্রম। তবে এনিয়ে থানা-পুলিশ প্রকাশ্যে মুখ না মুখলেও তাঁদের মাঝে চাপা ক্ষোভ লক্ষণীয়।
অনুসন্ধানে জানা গেছে, গত ১২ জুন এএসপি ইমরুল হাসান ইসলামপুর সার্কেলে যোগদান করার পরপরই থানা-পুলিশের বদলির হিড়িক পড়ে। মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে কনস্টবল থেকে ওসি পদমর্যাদা অন্তত ডজনখানেক পুলিশ সদস্য বদলি হয়ে চলে যান। অন্য কোথাও থেকে বদলি হলেও সহজেই এ থানায় আসতে চান না বলেও গুঞ্জন রয়েছে। বিপরীতে অনেকেই বদলি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। ফলে দিন যতই যাচ্ছে, থানায় ততই জনবল সংকট তীব্র আকার ধারন করেছে।
গত ১৬ জুন ওসি মো. সাইফুল্লাহ সাইফ বদলি হন পাশ্ববর্তী মাদারগঞ্জ মডেল থানায়। এরপর কয়েক সপ্তাহের ব্যবধানে একই থানায় বদলি হন দুইজন এসআই, একজন এএসআই এবং দুইজন কনস্টবল। এরপর অন্যত্র বদলি হন আরও পাঁচ এসআই। সর্বশেষ গত ৮ ডিসেম্বর আরও দুই এসআই বদলি হন। এ ছাড়া ওসি (তদন্ত) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এসময়ের মধ্যে এসআই পদে এ থানায় যোগদান করেন মোহাম্মদ কামাল হোসেন নামে একজন। তাঁরও ইতিমধ্যে সিলেট রেঞ্জে বদলির আদেশ হয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, বর্তমানে থানায় পাঁচজন এসআই, আটজন এএসআই এবং ৩৩ জন কনস্টবল নিয়ে আইনশৃংখলা রক্ষায় নবাগত ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী প্রাণপণ চেষ্টা চলাচ্ছেন। গভীর রাতেও তাঁকে কাজ করতে দেখা যায়।
থানা এলাকায় রয়েছে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন। পৌর শহরে তিনটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ১৫টি বিট পুলিশিং এলাকা রয়েছে। প্রতিটি এলাকায় একজন বিট পুলিশিং কর্মকর্তা (এসআই) এবং একজন সহকারী বিট পুলিশিং কর্মকর্তাসহ (এএসআই) ৪০ জন কনস্টবল থানায় কর্মরত থাকার কথা। এ ছাড়া থানা এলাকায় রয়েছে যমুনা নদীর মধ্যবর্তীসহ উপকূলীয় অঞ্চল। ওইসব দুর্গম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ইঞ্জিন চালিত নৌকাযোগে আসা-যাওয়া করতে হয়। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কাজেও অংশ নিতে হচ্ছে থানা-পুলিশকে।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, 'এএসপি ইমরুল হাসান যখন ইসলামপুর সার্কেলে যোগদান করেন। তখন থানায় ১২-১৪ জন এসআই ছিলো। এখন পাঁচজন আছেন। তারমধ্য থেকেও একজনের বদলির আদেশ হয়েছে।'
ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, ‘ইতিমধ্যে অনেকেই বদলি হওয়ায় জনবল সংকটের সৃষ্টি হয়েছে। জনবলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি, শিগগিরই কাঙ্ক্ষিত জনবল পাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। সেবাপ্রার্থীদের যথাযথভাবে সেবা দেওয়া হচ্ছে।'
২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে