জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। ৮ই জুন, ২০২৬ ইং তারিখ সোমবার ভোররাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবুল খায়ের ও এসআই দেবাশীষ সাহা সহ একটি দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার সফিউদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার বাড়ির সামনের একটি ভুট্টার ক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আনা মাদকের চালানটি ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে সটকে পড়ে। পরবর্তীতে পুলিশ ওই ভুট্টার ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকের বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে