২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় এসেছে দৃশ্যমান উন্নয়ন। একসময় যেখানে মানসম্মত চিকিৎসা পাওয়া ছিল কঠিন, সেখানে এখন নতুনভাবে প্রণীত সিটিজেন চার্টার অনুযায়ী বিস্তৃত ও সুশৃঙ্খল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
স্থানীয়দের মতে, পূর্বে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান তেমন ভালো ছিল না। জরুরি সেবা থেকে শুরু করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পেতেও রোগীদের ভোগান্তি পোহাতে হতো। তবে সংসদ সদস্য হিসেবে মোঃ আনোয়ারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রণয়ন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ সিটিজেন চার্টার, যেখানে প্রতিটি বিভাগের সেবা, সময়সূচি ও সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
চার্টার অনুযায়ী, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে। এখানে জরুরি রোগীদের চিকিৎসা, দুর্ঘটনা ও ট্রমা কেয়ার, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা, ২৪ ঘণ্টা ইসিজি (ECG) সুবিধা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়। নির্ধারিত ফি অনুযায়ী অ্যাম্বুলেন্স সুবিধাও চালু রয়েছে, যা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফারকৃত রোগীদের জন্য ব্যবহৃত হয়।
বহির্বিভাগ (OPD) প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত খোলা থাকে। এখানে সাধারণ রোগীদের চিকিৎসা ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হয়, যেমন, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (EPI) এর আওতায় টিকাদান কার্যক্রম, পরিবার পরিকল্পনা সেবা (স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পদ্ধতি), এবং কিশোর-কিশোরীদের জন্য অ্যাডোলেসেন্ট কর্নারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান।
ইনডোর (ভর্তি) বিভাগে রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ প্রদান, নিয়মিত ডাক্তারি তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। গুরুতর রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে উচ্চতর কেন্দ্রে রেফার করার ব্যবস্থাও রয়েছে।
প্যাথলজি বিভাগে নির্ধারিত ফি অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়। এর মধ্যে রয়েছে, সিবিসি (CBC), রক্তে শর্করা (RBS/FBS), সেরাম ক্রিয়েটিনিন (S. Creatinine), বিলিরুবিন (S. Bilirubin), উইডাল টেস্ট, ব্লাড গ্রুপিং, এইচবিএসএজি (HBsAg), আরএ টেস্ট (RA Test), ভিডিআরএল (VDRL) পরীক্ষা। এছাড়া গর্ভধারণ নির্ণয়ের জন্য ইউরিন টেস্ট, ইউরিন R/M/E পরীক্ষা, ২৪ ঘণ্টা ইসিজি সুবিধা, এক্স-রে এবং নির্দিষ্ট ক্ষেত্রে আল্ট্রাসনোগ্রাম (USG) সেবাও প্রদান করা হয়।
মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দিয়ে গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব সেবা এবং শিশুদের জন্য IMCI ও SAM কর্নারের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
সেবার মানোন্নয়নের পাশাপাশি সেবা গ্রহণকারীদের অধিকার ও কর্তব্য সম্পর্কেও চার্টারে উল্লেখ করা হয়েছে। সেবা গ্রহণকারীরা সেবা প্রদানকারীদের কাছ থেকে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার রাখেন এবং তাদেরও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহার সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলামের দিকনির্দেশনা এবং প্রশাসনিক তৎপরতায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নতুন রূপে জনসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
এতে করে স্থানীয় জনগণ এখন আগের তুলনায় সহজেই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন বলে মনে করছেন।
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ ঘন্টা ০ মিনিট আগে
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে