ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। তিনি রাশিয়ার কুরগানস্থ বিশ্বখ্যাত ইলিজারভ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার ফর রিস্টোরেটিভ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিকস (RISC, RTO) থেকে এক মাসের বিশেষ প্রশিক্ষণ শেষে ফেলোশিপ ইন ইলিজারভ অর্জন করেছেন।
অর্থোপেডিক সার্জারিতে ইলিজারভ চিকিৎসা পদ্ধতির জনক স্যার অধ্যাপক ডা. গ্যাভরিল আব্রামোভিচ ইলিজারভের নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে জটিল হাড়ের বিকৃতি সংশোধন, হাড় লম্বা করা, জোড়া লাগানো এবং পুনর্গঠনমূলক চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এর আগে বিশ্বের অন্যতম বৃহৎ সার্জিক্যাল সংগঠন আমেরিকান কলেজ অব সার্জনস (ACS) থেকে এফ,এ,সি,এস (ফেলো অব দ্য আমেরিকান কলেজ অব সার্জনস) ফেলোশিপ অর্জন করেন। এ উপলক্ষে ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত ACS Clinical Congress 2025-এর সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওই কংগ্রেসে তিনি সফলভাবে দুটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করেন।
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস (ICS), আমেরিকা থেকে এফ,আই,সি,এস (ফেলো অব দ্য ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস) ফেলোশিপ অর্জন করেন। এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) কর্তৃক মনোনীত হয়ে হংকং ইউনিভার্সিটি (HKU)-এর কুইন মেরি হাসপাতাল থেকে এপি,এস,এস ফেলোশিপ সম্পন্ন করেন। পাশাপাশি ভারতের পুনের সানচেটি ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (SIOR) থেকে পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারিতে ফেলোশিপ অর্জন করেন।
অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কৃতী সন্তান। তিনি ঐতিহ্যবাহী ঝিনাইগাতীর মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজ থেকে অর্থোপেডিক সার্জারিতে এম,এস ডিগ্রি লাভ করেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ২২তম ব্যাচে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। কর্মদক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)-এর সুপারিশে ২০২৩ সালের নভেম্বর মাসে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
মরহুম কফিল উদ্দিন মন্ডল ও সুলেমা খাতুনের একমাত্র পুত্র অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি সেবা ও শিক্ষামূলক সংগঠন “শিকড় ঝিনাইগাতী”-এর সাংগঠনিক সম্পাদক। এছাড়া শিশু-কিশোর সংগঠন দিনমণি খেলাঘর আসর, ঝিনাইগাতী-এর শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি শেরপুর ডায়াবেটিক সমিতি, শেরপুর হার্ট ফাউন্ডেশন, শেরপুর রোটারি ক্লাব, শেরপুর ক্লাব, রোটারেক্ট ক্লাব এবং শেরপুর হাজী কল্যাণ সমিতির আজীবন সদস্য। পাশাপাশি রক্ত সৈনিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সম্মাননা ও ফেলোশিপ অর্জনের মাধ্যমে অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশের অর্থোপেডিক চিকিৎসা ক্ষেত্রে নতুন মর্যাদা ও গৌরব বয়ে আনছেন।
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে